রাজবাড়ীর গোয়ালন্দে আদালতের নির্দেশে ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে ২০ শতাংশ জমির সীমানা নির্ধারণ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া এলাকায় আদালতের নাজির, সার্ভেয়ার, অ্যাডভোকেট কমিশনার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় জমির সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হয়। পাশাপাশি ঢাক বাজিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আদালতের মাধ্যমে জমির দখল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকপক্ষ।
মামলার সূত্রে জানা যায়, যদু ফকিরপাড়া এলাকার মৃত কালাম ফকিরের দুই ছেলে মো. হাবিব ফকির ও কালাম ফকির জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গোয়ালন্দের সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মৃত রহমত সরদার ফকিরের ছেলে মো. জিয়া সরদার ও আলামিন সরদারকে বিবাদী করা হয়।
পরে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত বাদীপক্ষের পক্ষে রায় দেন। তবে রায় পাওয়ার পরও তারা জমির দখল বুঝে পাচ্ছিলেন না বলে অভিযোগ করেন। এ অবস্থায় আদালতের রায় কার্যকর করতে জেলা জজ আদালতের নেজারত বিভাগে মামলা দায়ের করেন তারা। মামলাটি দেওয়ানি জারি-০১/২০২৬ নম্বরে পরিচালিত হয়।
সংশ্লিষ্ট আদালতের আদেশে বাদীপক্ষের দাবিকৃত তফসিলভুক্ত ২০ শতাংশ জমিতে তাদের শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি, জমির আকৃতি-প্রকৃতি পরিবর্তন কিংবা জোরপূর্বক প্রবেশ করে বেদখল করার বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার আদালতের নির্দেশে জমির সীমানা নির্ধারণ করে বাদী পক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়।
দখল বুঝে পেয়ে হাবিব ফকির বলেন, এই রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি। আমাদের জমি সামনের দিকে হলেও দীর্ঘদিন ধরে অন্যরা তা নিজেদের দখলে রেখেছিল।
আমাদের সেখানে যেতে দেওয়া হতো না। আজ আদালতের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে লাল নিশানা টাঙিয়ে ও ঢাক বাজিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের নাজির ও ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোজাফফর হোসেন বলেন এটি স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা একটি মামলা ছিল, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা জমিটি বুঝিয়ে দিয়েছি। উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া কেউ জোর পূর্বক এ জমি দখল বা সেখানে প্রবেশ করতে পারবেন না।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর