• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০২:০৮ দুপুর

অযত্ন ও অবহেলায় ম্লান হচ্ছে মীর মশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্র

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থানটি ঘুরে দেখতে। সাহিত্যপ্রেমীদের কাছে জায়গাটি ছিল ইতিহাস ও সাহিত্যের এক গুরুত্বপূর্ণ ঠিকানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত এই স্মৃতিকেন্দ্রে দর্শনার্থীদের আনাগোনা অনেকটাই কমে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা, প্রচার-প্রচারণা ও নিয়মিত কার্যক্রমের অভাবেই স্মৃতিকেন্দ্রটি আজ দর্শনার্থীশূন্য হয়ে পড়েছে। উদ্বোধনের দুই দশক পেরিয়ে গেলেও এখানে দর্শনার্থীদের জন্য ক্যান্টিন, বসার জায়গা কিংবা পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা গড়ে ওঠেনি। অভিযোগ রয়েছে, গ্রন্থাগারেও সাহিত্যিকের সব বই নেই। এছাড়া বছরজুড়ে নিয়মিত কোনো সাহিত্যিক বা সাংস্কৃতিক আয়োজন না থাকায় কেন্দ্রটি প্রাণহীন হয়ে পড়েছে। মূলত জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরেই বাংলা একাডেমির উদ্যোগে এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত কর্মদিবসেও অনেক সময় স্মৃতিকেন্দ্র ও পাঠাগার বন্ধ পাওয়া যায়। ফলে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থী ও পাঠকদের হতাশ হয়ে ফিরে যেতে হয়।

স্মৃতিকেন্দ্রের ভেতরে মীর মশাররফ হোসেনের ভাস্কর্য, সংগ্রহশালা, সভাকক্ষ, গ্রন্থাগার, পাঠাগার, অভ্যর্থনা কক্ষ, ভিআইপি কক্ষ ও বই বিক্রয়কেন্দ্র রয়েছে। পাশাপাশি রয়েছে সাহিত্যিকের স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন ও তার স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধি। এত স্থাপনা থাকলেও দর্শনার্থীদের দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে।

স্মৃতিকেন্দ্রের অফিস সহকারী বাবুল আকতার জানান, এখানে মীর মশাররফ হোসেনের লেখা বইসহ বিভিন্ন লেখকের প্রায় তিন হাজারের বেশি বই রয়েছে। তবে স্থানীয়দের দাবি, গ্রন্থাগারে মীর মশাররফের রচনাবলির সব বই নেই। তার সব বই সংগ্রহ করা গেলে শিক্ষার্থী ও পাঠকরা সাহিত্যিকের জীবন ও কর্ম সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারতেন।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। বাংলা একাডেমির বাস্তবায়নে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে স্মৃতিকেন্দ্রটি পূর্ণাঙ্গ রূপ পায় এবং ২০০৫ সালের ২০ এপ্রিল এটি উদ্বোধন করা হয়।

মীর মশাররফ হোসেন ৩৭টি বই রচনা করেছেন। এর মধ্যে ‘বিষাদ সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘রত্নাবতী’, ‘গো-জীবন’, ‘গাজী মিয়ার বোস্তানী’ ও ‘আমার জীবনী’ উল্লেখযোগ্য। এত সমৃদ্ধ সাহিত্যকর্ম থাকা সত্ত্বেও জাতীয় পর্যায়ে তার সাহিত্য ও স্মৃতিকেন্দ্র নিয়ে পর্যাপ্ত প্রচার নেই বলে মনে করেন স্থানীয়রা।

মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, একই দিনে জন্ম নেওয়া কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার হলেও মীর মশাররফ হোসেনকে নিয়ে তেমন আলোচনা হয় না। তিনি মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের ব্যাপক প্রচার, তার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং কলেজটি সরকারীকরণের দাবি জানান।

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম বলেন, নিয়মিত আলোচনা সভা, সাহিত্য পাঠ ও বইকেন্দ্রিক আয়োজন করা হলে নতুন প্রজন্মের মধ্যে তার সাহিত্যকর্মের পরিচিতি বাড়বে। ক্যান্টিন ও বিশ্রামাগারসহ স্মৃতিকেন্দ্রের উন্নয়নে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, স্মৃতিকেন্দ্রটি অন্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হওয়ায় স্থানীয় প্রশাসনের পক্ষে সরাসরি উন্নয়নমূলক কাজ করা কঠিন। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]