‘আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’ স্ত্রীর চিকিৎসার জন্য পাঁচ বছর ধরে লড়াই করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ বিপুল। এ সময়ে চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। পরিবারের সঞ্চয় শেষ হয়েছে, জমেছে প্রায় ৫০ লাখ টাকার ঋণ। এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা।
৩৭ বছর বয়সী মোছা. রুবিয়া পারভীনের স্তন ক্যানসার শনাক্ত হয় ২০২২ সালে। তখন রোগটি তৃতীয় পর্যায়ে (স্টেজ-৩) ছিল। ঢাকায় চিকিৎসক ডা. জাফর মাহমুদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে ২০২৩ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি নেন তিনি। চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে কিছুটা স্বস্তি ফিরে আসে পরিবারে। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি।
ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের ভাষ্য, ২০২৩ ও ২০২৪ সালে ক্যানসারটি আবার ফিরে আসে। সর্বশেষ ২০২৬ সালের পরীক্ষায় দেখা যায়, ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। মস্তিষ্কেও এর বিস্তার ঘটেছে। বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে। এ চিকিৎসায় প্রতি মাসে ৭০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে।
এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে অবস্থিত মডার্ন ক্যানসার হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা। সেখানে ডা. সিওকের (SEOK) তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও একাধিক সাইকেল কেমোথেরাপি দেওয়ার প্রস্তাব রয়েছে। তিনটি ধাপে এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ালিউর রহমান।
তিনি জানান, স্ত্রীর চিকিৎসায় পরিবারের সঞ্চিত অর্থ, জিপিএফ তহবিল এবং আত্মীয়স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতিমধ্যে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বর্তমানে প্রায় ৫০ লাখ টাকা ঋণগ্রস্ত তিনি। শিক্ষকতার পাশাপাশি স্ত্রীর চিকিৎসা ও তিন সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে কঠিন আর্থিক সংকটে পড়েছেন তিনি।
সম্প্রতি নিজের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সহযোগিতা কার্যক্রম শুরুর বিষয়টি জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবিয়া পারভীন। নিজের ফেসবুক পোস্টে চিকিৎসার দীর্ঘ লড়াই, স্বামীর ত্যাগ এবং সন্তানদের নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।
রুবিয়া পারভীন জানান, একদিন বিকেলে হঠাৎ তাঁর নগদ অ্যাকাউন্টে ৩০ টাকা আসে। প্রথমে ভুল করে কেউ টাকা পাঠিয়েছেন ভেবে তা ফেরত দেওয়ার কথা ভাবেন। কিছুক্ষণ পর আরও ১০০ টাকা আসে। পরে ফেসবুকে ঢুকে তাঁকে নিয়ে একের পর এক পোস্ট দেখতে পান। তখন বুঝতে পারেন, শিক্ষার্থীরা তাঁর চিকিৎসার জন্য সহযোগিতা সংগ্রহ করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘পুরো শরীর ঘেমে গেল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বুক ফেটে কান্না বের হলো। হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। শিক্ষার্থীদের উদ্যোগ আমার কাছে গর্বের। তারা তাদের স্যারকে কতটা সম্মান করলে, স্যারের এই দুর্দিনে এভাবে পাশে দাঁড়ায়।’
স্বামীর দীর্ঘদিনের ত্যাগের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘কষ্ট হচ্ছে এ কথাটা ভেবে, এই লোকটার সারা জীবনের সঞ্চয়, তার ক্যারিয়ার সব আমার পেছনেই নষ্ট করেছে। তারপরও সে আমাকে সুস্থ করতে পারল না। জানি না আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে সফল করবেন কি না। তবে এখন আল্লাহর কাছে চাই, হে আল্লাহ তুমি এই প্রচেষ্টাকে সফল করিও। আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’
স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের সহযোগিতা চেয়েছেন ওয়ালিউর রহমান আকন্দ বিপুল। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামর্থ্য অনুযায়ী যে কেউ নিচের মাধ্যমগুলোতে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম, বিকাশ (bKash): ০১৭১৯-২০০৬১৩ ০১৭২৪-৯৫২৩৬২ ০১৭৫৮-৮০৯৪২৫
নগদ (Nagad): ০১৭১৯-২০০৬১৩ ০১৭১৮-২৮২৬৬৭
ব্যাংক হিসাব–১ হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul) হিসাব নম্বর: 0200010639260 ব্যাংক: Agrani Bank PLC শাখা: Noakhali Science & Technology University Branch রাউটিং নম্বর: 010752177
ব্যাংক হিসাব–২ হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul) হিসাব নম্বর: 0236101223790 ব্যাংক: Pubali Bank PLC শাখা: Maijdee Court Branch, Noakhali রাউটিং নম্বর: 17575176
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর