• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:৩৪ রাত

পাগলা মসজিদের তহবিলে বর্তমানে কত জমা আছে

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে মসজিদের তহবিলে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

শনিবার (২১ নভেম্বর) দানবাক্সে পাওয়া রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা গণনা শেষে আগের জমার সঙ্গে যোগ হয়ে এই পরিমাণ দাঁড়িয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে টাকা গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পাগলা মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকালে মসজিদের ১০টি দানবাক্স ও পাঁচটি ট্রাংক খুলে ৫১ বস্তা টাকা পাওয়া যায়। সকাল ৯টার দিকে শুরু হয় টাকা গণনার কার্যক্রম। বেলা সাড়ে ১২টার দিকে প্রথম ধাপে গণনা করা ১০ কোটি টাকা রূপালী ব্যাংকের সেভিংস হিসাবে জমা করা হয়। এরপর দ্বিতীয় ধাপের গণনা শেষে পাওয়া যায় আরও ৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। সব মিলিয়ে এবার দানবাক্সে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

এর আগে শনিবার সকালে জেলা প্রশাসক জানিয়েছিলেন, পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। নতুন পাওয়া দানের অর্থ যোগ করে মসজিদের তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার চার মাস ২৫ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

এদিকে দ্রুত আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় মসজিদের ভেতরে জায়গা সংকুলান হয় না। ফলে খোলা আকাশের নিচে এমনকি রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করতে হয় তাদের। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দান থেকে পাওয়া অর্থ মসজিদের উন্নয়ন ও পরিচালনার পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় সহায়তা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে পাগলা মসজিদের দানবাক্স খোলার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা হবে ১০ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স। এজন্য মসজিদের নামে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে। নতুন কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।

আধুনিক তুর্কি স্থাপত্যশৈলীতে নির্মিতব্য এই কমপ্লেক্সে মাদরাসা, এতিমখানা, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম ও গেস্টহাউজ থাকবে। নারীদের জন্যও থাকবে পৃথক নামাজের ব্যবস্থা। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]