• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ সকাল

সিটি ব্যাংক চালু করলো নিজস্ব ‘উদ্যোগ’ ঋণ সুবিধা

ছবি: সংগৃহীত

তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় বিশেষায়িত ঋণ সুবিধা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। এ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন পাবেন।

এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। কর্মসূচির প্রচার, বাস্তবায়ন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ১৯ নভেম্বর মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে একটি সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে সিটি ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র সার্কুলার এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় প্রবর্তিত এ কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাঁদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ তৈরি করা। কর্মসূচির আওতায় ব্যাংকঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য। পাশাপাশি উদ্যোক্তারা আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা পাবেন।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায় উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। উপজেলাগুলো, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর। একই সঙ্গে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।

লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় করবে। পাশাপাশি আবেদনগুলো একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিত করতে সহায়তা করবে। আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট অর্থায়নকারী ব্যাংকগুলো নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় ঋণের আবেদন যাচাই-বাছাই করবে। অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একযোগে বিতরণ করা হবে। অর্থায়নের পর ব্যবসার অগ্রগতি, অর্থের যথাযথ ব্যবহার এবং ঋণ পরিশোধের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল যোগ্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন। ব্যাংকটির প্রত্যাশা, এ সুবিধার মাধ্যমে কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর হবে।

লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষায়িত ঋণ সুবিধা চালুর মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সিটি ব্যাংক।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]