• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ সকাল

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন ধরে গেছে এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রোববার ভোরের দিকে ঘটেছে এ হামলা। জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে, একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল।

বেনগাজির বন্দরসূত্রে জানা গেছে, ওই জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশপাশি অন্তত ৩টি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও আঘাত হেনেছে জাহাজটিতে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার ওই জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ।

রোববার ধারণ করা ছবিতে দেখা যায়, জাহাজটির বেশিরভাগ অংশ উল্টে ডুবে গেছে; কেবল সামনের অংশটি (বো) পানির উপরে দৃশ্যমান রয়েছে। জাহাজটির ওপরের কাঠামোর কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং জেটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ।

লিবিয়ার বেনগাজি-ভিত্তিক সরকার আগেই জানিয়েছিল যে, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য সেখানে নোঙর করেছিল।

রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

এই ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনপক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে একই দিন, অর্থাৎ রোববার সন্ধ্যায় বেনগাজি’র বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, “বেনগাজি উপকূলের অদূরে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।”

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে সংঘাত ছড়িয়ে দেওয়া

বেনগাজি-ভিত্তিক প্রশাসন জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে একটি তদন্ত শুরু করেছে। এ তদন্তের উদ্দেশ্যে হল হামলার পরিস্থিতি, এর উৎস এবং এর পেছনে কারা রয়েছে তা উদঘাটন করা।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি সুরক্ষিত করা হয়েছে। একই সঙ্গে তারা এই সন্দেহভাজন হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা করেছে।

এর আগে মার্চ মাসে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ডুবে যায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন। গত ডিসেম্বরে ইউক্রেন জানিয়েছিল যে, ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে তারা আকাশপথে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আব্দুলরাজাক আল-জাজিরাকে বলেছেন, লিবিয়ার বন্দরে হওয়া এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাত থাকার সম্ভাবনা বেশি।

আলজাজিরাকে আব্দুলরাজাক বলেন, “গত বছরের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং ত্রিপোলি-ভিত্তিক সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় সেখানে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি গড়ে তোলার কথা ছিল এবং তার বিনিময়ে ত্রিপোলি সরকার ইউক্রেনের সামরিক দক্ষতা ও সহায়তা পাওয়ার কথা ছিল।”

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়া বিভক্ত হয়ে পড়েছে। ওই বছরের শেষ দিকেই তিনি নিহত হন।

বর্তমানে ত্রিপোলিতে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত একটি সরকার রয়েছে এবং পূর্বাঞ্চলে বেনগাজিতে রয়েছে একটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন। আব্দুলরাজাক বলেন, লিবিয়ায় চালানো এই হামলাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের একটি ‘প্রভাব’ এবং এটি সেই বিষয়েরই  সর্বশেষ উদাহরণ, যাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে ‘রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করে আসছেন।

পূর্বাঞ্চল-ভিত্তিক লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানিয়েছেন, তার সরকার এই হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

এক বিবৃতিতে হাম্মাদ বলেছেন, “এমন সন্দেহ রয়েছে যে নৌকাগুলো পশ্চিম লিবিয়া থেকে ছাড়া হয়েছিল। সেখানে (পশ্চিম লিবিয়া) ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না তা যাচাই করা প্রয়োজন এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত।”

তেলসমৃদ্ধ দেশ লিবিয়া রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যকার দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার একটি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]