পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। পদ্মা নদীর বালুমহাল দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাকন বাহিনীর বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের সমর্থকদের পদ্মা নদীর বালুমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় কাকন বাহিনীর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়েন বলে অভিযোগ করেছেন আহতরা। এতে মেহেদী হাসানের পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর