• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০১:১৬ দুপুর

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—সে আলোচনা তাঁর সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান তিনি।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘ডিসেম্বর নিয়ে যেহেতু আলোচনা রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাঁদের গ্রেপ্তার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এটা তাদের রুটিন কাজ।’

শেখ হাসিনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’

শেখ হাসিনা নিজের সিদ্ধান্তের মাধ্যমে অনেক কিছু হচ্ছে—এমনটি দেখানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পালটানো যায়, কিন্তু প্রতিবেশী পালটানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পালটাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তাঁর এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাঁকে প্রত্যর্পণ করে দিলেই হয়।’

তিনি আরও বলেন, ভারত শেখ হাসিনাকে জোর করে প্রত্যর্পণ করবে, বিষয়টি এমন নয়। শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান, আর বাংলাদেশ তাঁকে প্রত্যর্পণ করার অনুরোধ জানাচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান মিলে গেছে। তাই এ ক্ষেত্রে ভারতের ওপর বাড়তি কোনো দায় পড়ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, শেখ হাসিনার প্রত্যর্পণে আর কোনো আইনি বাধাও নেই।

জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনার খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন, আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস, হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কী চাই না চাই।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]