১২ দিনের ব্যবধানে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তুরস্কে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচ সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি ছিল ফ্রান্সের তৈরি এএস-৫৩২ কুগার সিরিজের, যা সেনা পরিবহনে ব্যবহৃত হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে প্রদেশের তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে এটি বিধ্বস্ত হয়।
তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে জরুরি সেবার যানবাহন দেখা গেছে।
তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-৭০ সিরিজের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে চার সেনা সদস্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সেনারা মোতায়েন রয়েছেন।
এদিকে, ২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিনের কুর্দি বিদ্রোহের অবসান ঘটে। এরপর থেকে তুরস্কের ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না।
সূত্র: এএফপি, এনডিটিভি
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর