উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা শাটডাউনের ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করবে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের মাথায় আবারও শাটডাউনের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর