খাগড়াছড়ি প্রতিনিধি: দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে পরিচালনা করে আসছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামগড়ে অসহায় মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় রামগড় জোন সদরে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রামগড় উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহারে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক অনুদান, প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা ও খাদ্য সামগ্রী, গরীব ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, 'সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়া বিজিবির অন্যতম দায়িত্ব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখতে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।'
বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পাহাড়-সমতলের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর