প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে সরকার গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির প্রাণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রেও প্রাণিজ আমিষ উৎপাদন গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তারেক রহমান জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত ও উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের বাজার সম্প্রসারণেরও বড় সম্ভাবনা রয়েছে।
পোলট্রি খাতের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশু পালন করেন। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পশুচিকিৎসায় ১৭ ধরনের রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।
উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকারও অবহেলা করা যাবে না। প্রাণীকে ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের উদ্দেশ্য তুলে ধরে তারেক রহমান বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর