• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ দুপুর

গোপালগঞ্জে বিকাশ-নগদের সেবা বন্ধ, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে হঠাৎ বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ। কিছু দোকান খোলা থাকলেও সেখানে লেনদেন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সেবা নিতে এসে কেন্দ্রগুলো বন্ধ পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জাবেদ বলেন, সকাল থেকে টাকা তোলার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি। এজেন্টদের কাছে গেলে সার্ভার বন্ধ অথবা নগদ টাকা না থাকার কথা জানানো হচ্ছে। কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে সমস্যায় পড়েছেন তিনি।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, বুধবার রাত থেকেই বিকাশে লেনদেন করতে পারছেন না তিনি। কল সেন্টারে যোগাযোগ করেও সেবা বন্ধের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তাঁর মোবাইলে একটি বার্তা আসে। সেখানে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানানো হয়।

নাদিম বলেন, নিয়মিত লেনদেনের জন্য তিনি বিকাশ ব্যবহার করেন। প্রয়োজনীয় সব টাকা অ্যাকাউন্টে থাকায় সেগুলো ব্যবহার করতে না পেরে চরম সমস্যায় পড়েছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ বলেন, তাঁদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট অফিস ও দোকান বন্ধ হয়ে যাওয়ায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না। কিছু নম্বর এখনো সচল থাকায় সেগুলো ব্যবহার করে আপাতত কাজ চালাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জেলার গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে না পারায় সমস্যায় পড়েছেন অনেকে। দ্রুত স্বাভাবিক সেবা চালু, অর্থ ব্যবহারের সুযোগ নিশ্চিত এবং কার্যক্রম বন্ধের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য দাবি করেছেন ভুক্তভোগীরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]