গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঢাকার আশুলিয়ায় আনন্দ র্যালি করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে বাইপাইল থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের বাইপাইল শাখার সভাপতি মো. ইয়াসিন মীর, শ্রমিক দলের নেতা রাজ্জাক ফরাজিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর মজুরি বোর্ড গঠন সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান।
তিনি আরও বলেন, একটি মহল শ্রমিক পরিচয়ে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়ে দেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শিল্পের স্বার্থে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, শ্রমিক পরিচয়ে যারা বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের মাধ্যমে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর