• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ রাত

নাশকতার আশঙ্কায় তৎপর বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম গঠন

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

টিমের সদস্যরা ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা, নেতাকর্মীদের সক্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ, সমন্বয় ও দলীয় শৃঙ্খলা বজায় রাখাও এ টিমের অন্যতম দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে দলের হাইকমান্ড।

পাঁচ সদস্যের বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তাঁরা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমকে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট নেতারা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূলের নেতাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। জেলাগুলো হলো—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর। এসব জেলার সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা জানান, মাঠপর্যায়ে দলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির নেতাদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শুধু কেন্দ্রীয় নির্দেশনা যথেষ্ট নয়। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় যোগাযোগ ও সমন্বয় জোরদার করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রশাসনকে জানানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে সংঘাতে না জড়ানোর বিষয়েও সতর্ক করা হচ্ছে।

বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দলটি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিএনপি।

গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতা এবং শ্রমিক অসন্তোষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে দলটি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। সংসদীয় দলের সভায় অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]