ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সতর্কতামূলক গুলিবর্ষণের পর একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পিছু হটেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, মার্কিন সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান হাঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিষিদ্ধ নৌযানগুলোর জন্য আকাশপথে সহায়তা ও নিরাপত্তা প্রদানের মিশনে নিয়োজিত ছিল। এ সময় বিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে এলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের আধুনিক ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সতর্কতামূলক গুলিবর্ষণের মুখে পড়ে।
বিবৃতিতে বলা হয়, তীব্র কৌশলগত maneuver বা আকস্মিক কৌশলগত চাল চালানোর পর যুদ্ধবিমানটি বাধ্য হয়ে গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে দূরে সরে যায়।
আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিধিবিধান এড়িয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট লঙ্ঘনকারী নৌযান এবং তাদের সামরিক সহায়তাকারী বাহিনীকে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
এ ছাড়া আইআরজিসি মার্কিন সামরিক বাহিনীর কমান্ডারদের সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। মার্কিন যুদ্ধবিমানগুলো আবারও ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে কঠোর আকাশ প্রতিরক্ষা জবাব দেওয়া হবে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, এমন জবাবের মুখে মার্কিন যুদ্ধবিমানগুলোও ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমান ও মার্কিন ড্রোনগুলোর মতো পরিণতির শিকার হতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর