• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ রাত

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে এক ব্যক্তির বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও ১০টি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগও উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ছাড়া চারজনকে ফেনী হাসপাতালে এবং অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাসুর (২১) বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।

এদিকে সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামের যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা। তাঁদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোরপূর্বক মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষে দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

আহত কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামের পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর পাশে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাঁদের ওপর হামলা করা হয়।

তাঁদের দাবি, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাঁদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন এবং শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তাঁর দাবি, অস্ত্রশস্ত্রে সজ্জিত অর্ধশতাধিক ব্যক্তি পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রতিহত করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য ফটিকের অনুসারীদের দায়ী করেন তিনি।

অন্যদিকে, জামশেদুর রহমান ফটিকের দাবি, তাঁর অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে। সেখানে হামলার কোনো কারণ ছিল না।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, তাঁর বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামের শ্রমিক দলের এক নেতাকে মারধরের ঘটনা ঘটে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]