"চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে" এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চা চাষীদের নিবন্ধনের মধ্য দিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এই আয়োজনের সূচনা হয়।
বেলা ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন। পরে অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ অন্যান্য অতিথি ও চা চাষীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চায়ের গুণগত মান বজায় রাখতে সময়মতো সার প্রয়োগ এবং জৈব বালাইনাশকের ব্যবহার নিশ্চিত করতে হবে। অতিরিক্ত কীটনাশক পরিহার করে অর্গানিক উপায়ে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়া চায়ের মানোন্নয়নে হাতে পাতা তোলার পরিবর্তে মেশিনের ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের ঋণ ও অনুদানের মাধ্যমে মেশিন সহায়তা প্রদানের বিষয়টি তুলে ধরা হয়। চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান এবং চা পাতা নিয়ে সিন্ডিকেট রোধে প্রশাসনের সহায়তায় চাষীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি রাসায়নিক সারের সংকট দ্রুত সমাধানের দাবি জানান বক্তারা, অন্যথায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।
দিনব্যাপী আয়োজনের শেষভাগে চা চাষীদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর