কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মালমার শুনানি রবিবার (২৯ নভেম্বর) শুরু হবে। দ্রুত ও ন্যায় বিচারের প্রত্যাশায় দিনাতিপাত করছে তার পরিবার।
শনিবার (২৮ নভেম্বর) মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার (২৯ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার গন্ধমতি এলাকায় নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজ হওয়ার পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।
দীর্ঘ তদন্ত শেষে গত ২০ অক্টোবর পুলিশ এ হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে। তবে অভিযোগপত্র দাখিলের পরও ছেলেকে হারানোর শোক কাটেনি বাবা-মায়ের। এখন তাদের প্রত্যাশা, দ্রুত বিচার শেষে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। শনিবার (২৮ নভেম্বর) চার্জশিট নিয়ে সন্তুষ্টি, মামলার শুনানি ও পরবর্তী প্রত্যাশা জানতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলেছে ঢাকা ডায়েরি।
তিনি বলেন, “অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার তিন মাসের মধ্যে যেন হয়। এই এলাকার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, তিন মাসের মধ্যে বিচারকার্য শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও এমন আশ্বাস দিয়েছেন। বিচার বিভাগ ও বাংলাদেশের প্রচলিত আইনের ওপর আমাদের আস্থা আছে। আশা করছি যথা সময়ে বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে। চার্জশিট নিয়ে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে ফিরোজ শাহরিয়ার বলেন, সন্তুষ্ট হওয়া বা না হওয়ার মতো কিছু নেই। আমার সন্তান আর নেই। তবে আমরা চাই, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান। যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত, তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।
হত্যাকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অপ্রতিম ১৩ বছরের একটি শিশু। সে তাদের সঙ্গে খুশি মনে গিয়েছিল। ফোনের জন্য তাকে কেন মারতে হলো? তারা তো তার পরিচিত ছিল। ফোনটি নিয়ে ১০ মিনিট পরে আসবে বললেও পারত। কিন্তু এভাবে মারার কারণ কী- এটা আমার মাথায় আসে না। চারজনকেই দেখে খুব স্বাভাবিক মনে হয়েছে। কেউ বাসা থেকে পালায়নি। একজন আমাদের সহায়তাও করছিল। তারা কি ভেবেছিল, এভাবে অভিনয় করলে তাদের ধরা যাবে না, নাকি তাদের পেছনে কেউ ছিল এসব প্রশ্ন এখনও আমার মনে ঘুরছে।
সন্তানের হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি বলেন, আমরা আমাদের সন্তানের হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চাই। এখানে দুইজন আসামির বয়স ১৯ বছর। তাদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আর যাদের গাজীপুরে পাঠানো হয়েছে, তাদেরও যেন সর্বোচ্চ শাস্তি হয়। কেউ শিশু বলে যেন পার পেয়ে না যায়। বাংলাদেশে প্রচলিত আইনে যার যে শাস্তি প্রাপ্য, তা নিশ্চিত করতে হবে। আমরা সন্তানকে ফিরে পাব না, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো বাবা-মাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। আমাদের এখন একটাই প্রত্যাশা দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে মামলার শুনানি শুরু হবে। অপ্রতিমের বাবা-মা হিসেবে আমরা যে কষ্ট পেয়েছি, তা যেন আর কোনো বাবা-মাকে পেতে না হয়। অন্তত এই বিবেচনায় হলেও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এবং এর মাত্রা আরও বেড়ে যেতে পারে। উল্লেখ্য, পুলিশের তদন্ত অনুযায়ী, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয় এবং তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন এবং সিয়াম পরিকল্পনায় যুক্ত ছিলেন। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর