গোপালগঞ্জে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাব বন্ধ রাখা হয়েছে। এতে টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিএফআইইউর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। হিসাবগুলো ব্যবহার করে সন্দেহজনকভাবে অর্থ স্থানান্তর কিংবা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব মোবাইল ব্যাংকিং হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে হিসাবগুলোর সঙ্গে কারা জড়িত, এসবের মাধ্যমে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে কিংবা এর পেছনে কী ধরনের অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বিপুলসংখ্যক হিসাবের লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় আর্থিক কর্মকাণ্ডে প্রভাব পড়েছে। ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেন—বিভিন্ন কাজে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল গ্রাহকেরা সমস্যায় পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়মিত লেনদেন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।
গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এরপর পর্যায়ক্রমে আরও অনেক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।
রবিবার সকালেও জেলার বিভিন্ন এজেন্ট পয়েন্টে টাকা পাঠানো ও উত্তোলনের জন্য ভিড় করেন গ্রাহকেরা। তবে হিসাবের লেনদেন বন্ধ থাকায় প্রয়োজনীয় সেবা না পেয়েই ফিরে যেতে হয় তাঁদের।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর