• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল

২০২৬ সালে তরুণদের মুখে জনপ্রিয় ১০ অদ্ভুত শব্দ

ছবি: প্রতিকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে প্রতিনিয়ত বদলে যাচ্ছে তরুণদের কথাবার্তার ধরন। নতুন নতুন শব্দ, পুরোনো শব্দের ভিন্ন অর্থ কিংবা ইন্টারনেট সংস্কৃতি থেকে উঠে আসা মজার সব অভিব্যক্তি জায়গা করে নিচ্ছে তাদের দৈনন্দিন ভাষায়। ‘মগিং’, ‘অরা ফার্মিং’, ‘হুইমজি’ কিংবা ‘স্লপ’—এমনই কিছু শব্দ এখন জেন-জি ও জেনারেশন আলফার মধ্যে বেশ আলোচিত। কোনোটি প্রশংসা বোঝাতে, কোনোটি খুনসুটি করতে, আবার কোনোটি জীবনযাপন ও অনুভূতি প্রকাশে ব্যবহার করছেন তরুণেরা।

এসব শব্দের কয়েকটি এসেছে প্রচলিত শব্দের নতুন ব্যবহার থেকে, আবার কয়েকটির জন্ম ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্কৃতিতে। বিবিসির এক প্রতিবেদনে ২০২৬ সালে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা এমন ১০টি শব্দের অর্থ ও ব্যবহারের ধরন তুলে ধরা হয়েছে। চলুন, জেনে নেওয়া যাক শব্দগুলোর অর্থ।

১. অরা, অরা পয়েন্টস ও অরা ফার্মিং

কারও ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস কিংবা উপস্থিতির বিশেষ আকর্ষণ বোঝাতে ‘অরা’ শব্দটি ব্যবহার করা হয়। কেউ অসাধারণ কোনো কাজ করলে মজা করে বলা হয়, তাঁর অরা পয়েন্ট বেড়ে গেছে। আবার বিব্রতকর বা বোকামিপূর্ণ কিছু করলে অরা পয়েন্ট কমে যায়।

অন্যদিকে, নিজের ব্যক্তিত্ব, আকর্ষণ কিংবা আত্মবিশ্বাসকে অন্যদের সামনে বিশেষভাবে তুলে ধরার সচেতন প্রচেষ্টাকে বলা হয় ‘অরা ফার্মিং’। সামাজিক যোগাযোগমাধ্যমে শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

২. মগিং

২০২৬ সালের আলোচিত শব্দগুলোর মধ্যে অন্যতম ‘মগিং’। কলিন্স অভিধান ২০২৬ সালের সেরা শব্দ হিসেবে এটিকে বেছে নিয়েছে। চেহারা, পোশাক, ব্যক্তিত্ব কিংবা আত্মবিশ্বাসের কারণে অন্য কাউকে ছাপিয়ে যাওয়ার বিষয়টি বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।

যেমন, একই জায়গায় দুজন উপস্থিত থাকলেও একজনের ব্যক্তিত্ব বা উপস্থিতি যদি অন্যজনের তুলনায় বেশি নজর কাড়ে, তখন বলা হয় তিনি অন্যজনকে ‘মগ’ করছেন। চলতি বছরে শব্দটির ব্যবহার বেড়েছে ২১০ শতাংশ।

৩. হুইমজি

‘হুইমজি’ কেবল একটি শব্দ নয়, বরং একধরনের জীবনযাপনের ধারণা। দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া, শিশুসুলভ কৌতূহল ধরে রাখা এবং ব্যতিক্রমী বা মজার কাজের মধ্য দিয়ে জীবন উপভোগ করাকে বোঝায় এটি।

রঙিন পোশাক পরা, মুঠোফোন থেকে দূরে থেকে বুনন বা হাতের কাজ করা কিংবা অদ্ভুত কোনো শখ নিয়ে সময় কাটানো—সবই হতে পারে হুইমজির অংশ। একঘেয়েমি কাটিয়ে জীবনে আনন্দ ও সৃজনশীলতা ফিরিয়ে আনার প্রবণতা থেকেই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে শব্দটি।

৪. ম্যাক্সিং

নিজের কোনো একটি দিককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার চেষ্টা বোঝাতে ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহার করা হয়। যেমন, চেহারার সৌন্দর্য বাড়ানোর প্রচেষ্টা, ঘুমের অভ্যাস উন্নত করা কিংবা খাবারে আমিষের পরিমাণ বাড়ানোর মতো বিষয়গুলোকে বোঝাতে শব্দটির সঙ্গে সংশ্লিষ্ট বিষয় যুক্ত করা হয়।

সহজভাবে বললে, ব্যক্তিগত জীবনের কোনো একটি ক্ষেত্রে যতটা সম্ভব ভালো করার বা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টাই হলো ‘ম্যাক্সিং’।

৫. স্লপ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের ছবি, ভিডিও কিংবা অন্যান্য ডিজিটাল উপকরণকে ব্যঙ্গ করে ‘স্লপ’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্টের সংখ্যা বাড়তে থাকায় শব্দটির ব্যবহারও বেড়েছে।

অনেক ব্যবহারকারী এখন নিম্নমানের এআই-নির্ভর কনটেন্ট থেকে মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম চান। এ ছাড়া ‘স্লপ’ ও ‘প্রোপাগান্ডা’ শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে ‘স্লপাগান্ডা’। এআই দিয়ে তৈরি নিম্নমানের প্রচারণামূলক উপকরণ বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়। ২০২৬ সালে ‘স্লপ’ শব্দটির ব্যবহার বেড়েছে ১ হাজার ৩০০ শতাংশ।

৬. স্লাজ

‘স্লপ’ শব্দটির সঙ্গে মিল থাকলেও ‘স্লাজ’-এর অর্থ আলাদা। এমন ভিডিওকে ‘স্লাজ’ বলা হয়, যেখানে একই পর্দায় একাধিক ধরনের কনটেন্ট একসঙ্গে দেখানো হয়।

যেমন, ভিডিওর একদিকে গল্প বলা হচ্ছে, অন্যদিকে চলছে কোনো খেলা, পাশাপাশি রয়েছে মনোযোগ ধরে রাখার মতো অন্য কোনো দৃশ্য। মূলত দর্শকের মনোযোগ ধরে রাখা এবং দীর্ঘ সময় ভিডিওতে আটকে রাখার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি করা হয়।

৭. ক্ল্যাঙ্কার

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কিংবা কথোপকথনভিত্তিক যন্ত্রকে ব্যঙ্গ বা বিদ্রূপ করে ‘ক্ল্যাঙ্কার’ বলা হচ্ছে। ২০০৫ সালের ভিডিও গেম ‘স্টার ওয়ারস: রিপাবলিক কমান্ডো’ থেকে শব্দটির উৎপত্তি। ওই গেমে রোবট বা যন্ত্রমানবদের অপমানসূচকভাবে এই নামে ডাকা হতো।

সময়ের সঙ্গে শব্দটি আবার জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ও যন্ত্রনির্ভর ব্যবস্থাকে ব্যঙ্গ করতেও তরুণেরা শব্দটি ব্যবহার করছেন।

৮. আনক

‘আনক’ মূলত ‘আঙ্কেল’ শব্দের সংক্ষিপ্ত রূপ। তবে তরুণদের কথাবার্তায় এর অর্থ শুধু চাচা বা মামার মধ্যে সীমাবদ্ধ নয়। বয়সে বড় কিংবা সময়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খান—এমন কাউকে মজা করে ‘আনক’ বলা হয়।

তবে শব্দটি সব সময় অপমানসূচক নয়। বন্ধুদের মধ্যে হাসি-ঠাট্টা বা খুনসুটির অংশ হিসেবেও এটি ব্যবহার করা হয়।

৯. চাড

কাউকে বোকা, নির্বোধ কিংবা ব্যর্থ ব্যক্তি হিসেবে ব্যঙ্গ করতে ‘চাড’ শব্দটি ব্যবহার করা হয়। ১৯৮৪ সালের কল্পবিজ্ঞানভিত্তিক ভৌতিক চলচ্চিত্র ‘সি.এইচ.ইউ.ডি.’ থেকে শব্দটির উৎপত্তি। চলচ্চিত্রটিতে ভূগর্ভে বসবাসকারী ভয়ংকর প্রাণীদের বোঝাতে নামটি ব্যবহার করা হয়েছিল।

পরবর্তী সময়ে রাজনৈতিক পরিসরেও শব্দটির ব্যবহার দেখা যায়। তবে বর্তমানে তরুণদের কথাবার্তায় এটি সাধারণত কাউকে বোকা বা ব্যর্থ হিসেবে উপহাস করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

১০. কোডেড

কোনো ব্যক্তি, বস্তু কিংবা পরিস্থিতির মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য, অনুভূতি বা চরিত্রের ছাপ থাকলে ‘কোডেড’ শব্দটি ব্যবহার করা হয়।

যেমন, ‘গোল্ডেন রিট্রিভার-কোডেড’ বলতে এমন কাউকে বোঝায়, যার আচরণ বন্ধুসুলভ, প্রাণবন্ত ও আনন্দময়। অন্যদিকে, ‘কর্টিসল-কোডেড’ বলতে এমন কোনো পরিস্থিতি বা বিষয়কে বোঝানো হয়, যা মানসিক চাপ কিংবা উদ্বেগের অনুভূতি তৈরি করে। অর্থাৎ, কোনো ব্যক্তি বা বিষয়ের বিশেষ বৈশিষ্ট্য সংক্ষেপে প্রকাশ করতেই শব্দটি ব্যবহার করা হয়।

তরুণদের ভাষায় কেন আসছে নতুন শব্দ?

তরুণদের মধ্যে নতুন শব্দ তৈরি করা কিংবা প্রচলিত শব্দকে নতুন অর্থে ব্যবহারের প্রবণতা ভাষার স্বাভাবিক বিবর্তনেরই অংশ। ভাষাবিশেষজ্ঞদের মতে, এসব শব্দের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা, জীবনযাপন, আগ্রহ ও সামাজিক প্রবণতার প্রতিফলন ঘটে।

কিংস কলেজ লন্ডনের কথ্য ভাষা ও নতুন শব্দের সংগ্রহশালার পরিচালক টনি থর্নের মতে, তরুণদের ব্যবহৃত এসব শব্দ বিশ্লেষণ করলে তাদের চিন্তাভাবনা ও জীবনযাপনের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে আগে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকা শব্দও এখন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। ফলে প্রতিনিয়ত বদলে যাচ্ছে তরুণদের ভাষা ও যোগাযোগের ধরন। আজ যে শব্দটি কারও কাছে অচেনা, কিছুদিন পর সেটিই হয়তো হয়ে উঠবে দৈনন্দিন কথাবার্তার পরিচিত অংশ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]