রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের মো. আমিনুল ইসলাম মিয়ার ছেলে মো. ইফতেখারুল ইসলাম ওরফে সাদ্দাম (৩৪)। তিনি কলিমহর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাংশা উপজেলা যুবলীগের সদস্য। অপরজন হলেন মৌরাট ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে মোহাম্মদ আলী (৫০)।
তিনি মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি জিআর ১৯৬/২৫ নম্বরের এবং দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর