ফেসবুকে ‘আলবিদা’ বলে প্রেমিক-প্রেমিকা না ফেরার দেশে!

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৪:৩০ পিএম
চলতি মাসের গত ২৩ জুলাই সকাল থেকে নিখোঁজ হন ঢাকার ক্যামব্রিয়ান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত দেওয়ানজি হিমেল (১৮)। ছেলেটির পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চলছিল। পরে জানা গেল, রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের ছাত্রী তাহফিমা খানম তিন্নিও (১৮) নিখোঁজ। ততক্ষণে শহরজুড়ে জানাজানি হয়ে গেছে, ওরা নিখোঁজ নয়, প্রেমের কারণে একসঙ্গে পালিয়েছে। দুজন দুই ধর্মের হওয়ায় বিষয়টি নিয়ে বিব্রত দুই পরিবার চেষ্টা করছিল খুঁজে বের করার। দুদিন পর বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে স্থানীয়রা রাঙামাটি-কাপ্তাই সড়কের বরগাং এলাকায় হ্রদে দুটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে প্রথমে মেয়েটির, পরে ছেলেটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জানা যায়, ২৩ জুলাই সকাল ৭টা ৩৩ মিনিট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে প্রান্ত দেওয়ানজি হিমেল লিখেছিলেন- ‘আলবিদা’। এই স্ট্যাটাসের পর থেকেই ‘নিখোঁজ’ হন তিনি। একই দিন বিকালে ‘নিরুদ্দেশ’ হন তাহফিমা খানম তিন্নিও। আর এর দুদিন পর গতকাল বৃহস্পতিবার সকালে বরগাং এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে এ দুজনের মরদেহ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। দুই ধর্মের দুই তরুণ-তরুণী প্রেমে জড়িয়ে পড়ায় দুই পরিবারই ছিল বিব্রত। ফলে এটি ‘হত্যা’ না ‘আত্মহত্যা’ এ নিয়ে দেখা দিয়েছে ধূম্রজাল। এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে’। জানা গেছে, হিমেল শহরের রিজার্ভ বাজারের ওষুধ ব্যবসায়ী ছোটন দেওয়ানজির ছেলে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার শহীদ তালুকদারের মেয়ে তিন্নি রাঙামাটিতে এক স্বজনের বাসায় থেকে পড়াশোনা করছিলেন। নিহত হিমেলের বাবা ছোটন দেওয়ানজী বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই হিমেলকে খুঁজতে থাকি। আজ লাশ পেলাম। আমরা আসলে কিছুই জানতাম না। কিন্তু কেন এটি করল বুঝতে পারছি না।’ এদিকে নিহত তিন্নির স্বজন নুরুল আলম বলেন, ও আমার বাসায় থেকে পড়াশোনা করত। কিন্তু হঠাৎ করেই এমনটি ঘটে যাবে বুঝতে পারিনি। এ ব্যাপারে রাঙামাটির কোতোয়ালি থানার এসআই লিমন বোস বলেন, শুনেছি দুজনের মধ্যে প্রেম ছিল। ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেব। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আত্মহত্যার কোনো আলমত পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: