মানিকগঞ্জ: মানবপাচার আইনে দায়ের করা মামলায় বিশু মিয়া (৬০) ও তার স্ত্রী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী মামুন মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত বিশু মিয়া ও মমতাজ বেগমের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল এলাকায়। মামলার অন্যান্য আসামিরা হলেন বিলকিস বেগম ও তার স্বামী রনি মিয়া, বিলকিসের ভাই আবু সুফিয়ান এবং বোন রোকসানা বেগম।
মামলার এজাহারে বাদী মামুন মিয়া অভিযোগ করেন, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি প্রতিবেশী বিলকিস বেগমের মাধ্যমে ৬ লাখ টাকার বিনিময়ে তিনি সৌদি আরব যান। সেখানে তাকে কোনো কাজ না দিয়ে একটি অন্ধকার রুমে আটকে রাখা হয়। বিলকিসের স্বামী রনি মিয়া ও ভাই আবু সুফিয়ান তাকে অমানুষিক নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরে মামুন মিয়া তার পরিবারের মাধ্যমে গরুর বিক্রি করা অর্থ ও ধারদেনা করে সাড়ে ৪ লাখ টাকা বিলকিসের পরিবারকে দেন। এরপর তিনি চলতি বছরের ১৩ মে দেশে ফিরে আসেন।
ভুক্তভোগী মামুন মিয়া জানান, দেশে ফিরে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিলকিসের পরিবারকে জানান। কিন্তু তারা কোনো গুরুত্ব না দেওয়ায় এবং উল্টো মিথ্যা অভিযোগ দেওয়ায় তিনি আইনের আশ্রয় নেন। তিনি এই ঘটনার সঠিক বিচার চান, যাতে আর কেউ এমন নির্যাতন ও প্রতারণার শিকার না হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান, মানবপাচার আইনে দায়ের করা মামলায় বিশু মিয়া ও তার স্ত্রী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর