জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ (RISSC) ২০২৬ সালের জন্য ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম’ তালিকা প্রকাশ করেছে। রাজনীতি, ধর্ম, সমাজসেবা ও সংস্কৃতি খাতের মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে এ মর্যাদাপূর্ণ তালিকা তৈরি করা হয়।
তালিকায় শীর্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, দ্বিতীয় স্থানে পাকিস্তানের প্রখ্যাত ইসলামী আইনবিদ ও আলেম শায়খ মুহাম্মদ তাকি উসমানি, এবং তৃতীয় স্থানে ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ রয়েছেন।
এবারের তালিকায় মোট তিনজন বাংলাদেশি স্থান পেয়েছেন। এর মধ্যে শীর্ষ ৫০ জনের মূল তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ৫০তম স্থানে আছেন। তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। ড. ইউনূসের তত্ত্বাবধানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টিও তালিকায় উল্লেখ করা হয়েছে।
‘দ্য ৪৫০ লিস্ট’ ক্যাটাগরিতে আরও দুইজন বাংলাদেশি নারী প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন—
ড. হামিদা হোসেন: সামাজিক সমস্যা বিভাগে তালিকাভুক্ত, মানবাধিকারকর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের (ASK) প্রতিষ্ঠাতা সদস্য।
রাজিয়া সুলতানা: সামাজিক সমস্যা বিভাগে অন্তর্ভুক্ত, আইনজীবী ও মানবাধিকারকর্মী, রোহিঙ্গা নারীদের অধিকার রক্ষায় আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন (FRC) এর সমন্বয়ক।
শীর্ষ দশে আরও রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৪র্থ), জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় (৫ম), আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব (৬ষ্ঠ), তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান (৭ম), সৌদি আরবের বাদশাহ সালমান (৮ম), সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ (৯ম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।
শীর্ষ ৫০ তালিকায় আরও আছেন ইরাকের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইন আল-সিস্তানি, মরক্কোর রাজা, সৌদি আরবের স্কলার শেখ সালমান আল-আওদা, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, ভারতের মাওলানা মাহমুদ মাদানী, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, যুক্তরাষ্ট্রের শেখ হামজা ইউসুফ হ্যানসন, বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে, পাকিস্তানের মাওলানা তারিক জামীল, যুক্তরাজ্যের স্কলার ড. টিমোথি উইন্টার, মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ, তালিবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং মালয়েশীয় দার্শনিক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ নাকীব আল-আত্তাস।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর