রাজশাহীতে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে চারঘাট উপজেলার বড়াল নদীতে কয়েকজন কিশোর গোসল করতে নামে।
নিহত দুই বন্ধু ১৭ বছরের কিশোর। উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম এবং কৈ এলাকায় সজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন। তারা দু’জনেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
জানা গেছে, কয়েকজন বন্ধু গোসলের আগে নদের পাড়ে ফুটবল খেলে নদে গোসল করতে নামে। নদের কিছু স্থানে পানি শুকিয়ে হাঁটু–সমান থাকলেও অন্য জায়গায় পানির গভীরতা অনেক বেশি। দু’জনের মধ্যে মাহিদ সাঁতার জানলেও রিহান জানতো না। বড়ালের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় রিহান ডুবে যাওয়ার উপক্রম হলে মাহিদ তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা ছুটে আসার আগেই তারা তলিয়ে যায়। এ সময় তারা স্রোতের টানে ভেসে যায়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বেলা চারটার দিকে একে একে দু’জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের চারঘাট উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর