গত কয়েকদিন দেশে শীত কিছুটা কমলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা আবার কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগামী ৫ দিনে দেশের তাপমাত্রা কখনো কমতে, কখনো অপরিবর্তিত থাকতে এবং কখনো সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা সম্পর্কে জানানো হয়েছে, শুক্রবার ও শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রবিবার রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। আর সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরদিন মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
কুশল/সাএ
সর্বশেষ খবর