ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ কে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
ব্রিফিংয়ে তিনি বলেন, 'নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য। খাগড়াছড়ি সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এই দুই জেলার মধ্যে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্র- বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।
এছাড়া সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও নয়টি ভোটকেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা বেইজ ক্যাম্পে গমন করবেন এবং ৫ প্লাটুন বিজিবি সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এসব প্লাটুন নির্বাচনকালীন পুরো সময়জুড়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে বিজিবির সদস্যরা ইতোমধ্যে দুই ধাপে প্রশিক্ষণ ও নির্বাচনী মহড়া সম্পন্ন করেছেন। রায়োট কন্ট্রোল প্রশিক্ষণের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্স পরিচালনার জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলায় নন-লেথাল বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে যেন কোনো সশস্ত্র গোষ্ঠী, অপরাধী বা বিশৃঙ্খলাকারী নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে জনগণের পাশে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। পরিশেষে তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন ও গণভোট উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর