গাজীপুরের কালীগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্বাটি এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে দুর্বাটি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
আটককৃত পারভেজ আহমেদ (২৭) কালিগঞ্জ পৌরসভার দুর্গটি এলাকার মৃত বকুল হোসেনের ছেলে এবং তাইজুল ইসলাম (২৮) একই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।
অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর ৩৬(৫) ধারা মোতাবেক সাজা প্রদান করা হয়।
আদালত দুই অপরাধীর প্রত্যেককে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে এ সময় কোনো আর্থিক জরিমানা করা হয়নি। সাজাপ্রাপ্তদের দ্রুত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হায়াত্তুর রহমান। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা সংবাদমাধ্যমকে জানান, মাদক বর্তমান সমাজের একটি বড় ব্যাধি। যুবসমাজকে এই মরণনেশা থেকে বাঁচাতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা ও মাদকের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে। প্রশাসন ও পুলিশের এই সমন্বিত তৎপরতা উপজেলার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
উল্লেখ্য, কালীগঞ্জকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সচেতনতামূলক কার্যক্রম ও ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের এই অভিযান তারই একটি অংশ বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর