টাঙ্গাইলের মির্জাপুরে একটি পূজা মন্ডপের সবগুলো প্রতিমার মাথা ভেঙ্গে ফেলার ঘটনা ঘটেছে। এছাড়া যে ত্রিফল দিয়ে মন্ডপটি ঘের দেয়া ছিল ওটার ওপর আগুন দিয়ে তীর সাদৃশ্য চিহ্ন করে গেছে দুর্বত্তরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতের কোন এক সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া আর্য সমিতি পূজা মন্ডপে এই ঘটনা ঘটেছে বলে মন্ডপ সংশ্লিষ্টদের ধারণা।
পূজা পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ বাকালী বলেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত আমরা পূজা মন্ডপের সামনেই ছিলাম। সকাল ৭ টার দিকে খবর পাই যে আমাদের মন্ডপের সবগুলো প্রতিমার মাথা ভেঙ্গে ফেলা হয়েছে। গত ৬ মাস পূর্বেও পাশের একটি মন্দিরে এধরনের ঘটনা ঘটেছিল বলে তিনি জানান। তবে এলাকায় কোন ধর্মীয় বিভেদ নেই বলে জোর দিয়ে বলেন তিনি।
সংবাদ পেয়ে পুলিশের পক্ষ থেকে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার ও সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর- নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ লোকমান হোসেন । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদ রেজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ডপটিতে নগদ ১০ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্তভাবে ২ টন জিআর চাল বরাদ্দ দেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।
তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে ডিউটি অফিসার তৌহিদুল ইসলাম সূত্রে জানা গেছে।
পূজা উদযাপন পরিষদ, মির্জাপুর শাখার সভাপতি বিকাশ গোস্বামী বলেন, গতবারের চাইতে এখানে পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে। মির্জাপুর সবসময় ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্তমূলক উদাহারণ। তবে কারা এই ঘটনা ঘটালো তা রহস্যজনক।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ লোকমান হোসেন বলেন, আমরা পূজা মন্ডপের দায়িত্বশীলদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি। তবে আমরা আমাদের তদন্তকাজ অব্যাহত রেখেছি।
সাজু/নিএ
সর্বশেষ খবর