• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১২ বিকাল

নির্বাচনে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। পরিস্থিতি অনুযায়ী যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো। নির্বাচনকে কেন্দ্র করে বড় কোনো অসুবিধার আশঙ্কা নেই। তিনি দাবি করেন, সম্প্রতি যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তার বেশির ভাগই নিজেদের দলের ভেতরের কোন্দল থেকে সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, “কোনো অনুষ্ঠানে একজনকে দাওয়াত দিলে দুজন চলে আসে। তখন সিদ্ধান্তের অমিল হলে নিজেরাই নিজেরা লেগে যায়। এ জন্য জনসচেতনতা খুব জরুরি।”

সম্প্রতি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে বিজিবির এক কর্মকর্তা নিহত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িত অনেককে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দু-একটি আসনে ছোটখাটো লঙ্ঘন হচ্ছে না—তা নয়। প্রতিদিনই প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নির্বাচনের দিন ফেসবুকে গুজব রটানো ঠেকাতে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট খোলা থাকবে। কেউ যদি বেআইনিভাবে ইন্টারনেট বন্ধ করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে গুজব ও মিথ্যা সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আগে সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করতে বা লিখতে পারতেন না। বর্তমানে যেভাবে সাংবাদিকরা প্রশ্ন করতে পারছেন, তখন তা সম্ভব ছিল না। বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে তিনি একই সঙ্গে সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।

নির্বাচনে নারী ভোটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা এখানে যেভাবে নিরাপদ, ভোটকেন্দ্রেও নারীরা ঠিক সেভাবেই নিরাপদ থাকবেন।”

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার নাজির আহমদ খানসহ আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, র‌্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]