রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়ার বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন।
পরে বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি ইয়াছিন মিয়া জানান, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোশাররফ হোসেন ভবনটির ভেতরে বারবার ওপরে উঠছিলেন এবং নিচে নামছিলেন। পুলিশের ধারণা, তিনি হয়তো পথ খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে ভবনটির বেজমেন্ট-১-এর ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে যান তিনি।
এ ঘটনায় তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর