বলিউড পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন আদিত্য জ্ঞানেশ্বর গায়কী, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি এবং স্বপ্নীল সকতকে। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখা হবে।
পুলিশের দাবি, রোহিত শেঠিকে খুন করার উদ্দেশ্যেই এই গুলিবর্ষণ করা হয়েছিল। তদন্তে উঠে এসেছে, সমর্থ শিবশরণ এবং পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। শুভম লোঙ্কার দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন। নিরাপত্তারক্ষীরাও রোহিত শেঠির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুভম লোঙ্কারের নির্দেশেই পুরো পরিকল্পনা করা হয়। ফোনের মাধ্যমে তিনি অভিযুক্তদের নির্দেশ দিচ্ছিলেন। একটি স্কুটারে চেপে রোহিত শেঠির বাড়ির সামনে পৌঁছান তারা। মূল বন্দুকবাজকে সহযোগিতা করছিলেন সমর্থ। ঘটনার আগে অভিযুক্তরা অন্য একটি জায়গায় জড়ো হয় এবং সেখান থেকেই স্কুটারটি নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র রয়েছে।
বলিউড তারকাদের সঙ্গে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও অভিনেতা সালমান খানকে একাধিকবার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তার বাড়ির সামনেও গুলি চালানো হয়েছিল। এছাড়াও সঞ্চালক-অভিনেতা কপিল শর্মার রেস্তোরাঁ এবং অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে। সেই ঘটনার পর রোহিত শেঠির বাড়ির সামনে গুলিবর্ষণের খবর ছড়াতেই প্রাথমিকভাবে সন্দেহের তির যায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দিকেই। পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে লেখা ছিল— এটি শুধু একটি সতর্কবার্তা। আমাদের কথা না শুনলে পরের গুলি বাড়ির বাইরে নয়, শোবারঘরেই চলবে। এই হুঁশিয়ারি গোটা বলিউডের জন্য। নিজেদের পথ ঠিক করো, নচেৎ পরিণতি হবে আরও ভয়াবহ। একটাই দল ছিল, আছে এবং থাকবে— লরেন্স বিষ্ণোই গ্যাং।
কুশল/সাএ
সর্বশেষ খবর