নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়া হচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে সব শাখা থেকে এই নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি আগের নোটগুলোও সচল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, নতুন ডিজাইনের এই নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব ধরনের ১০ টাকার কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের নিয়মেই লেনদেনে ব্যবহৃত হবে।
নকশায় যা থাকছে
১২৩ মি.মি. × ৬০ মি.মি. আকারের এই নতুন নোটটিতে দেশের সাম্প্রতিক সময়ের প্রতিফলন হিসেবে যুক্ত করা হয়েছে বিশেষ গ্রাফিতি। সম্মুখভাগের বাম পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার ছবি (পাতা ও কলিসহ) ব্যবহার করা হয়েছে। তবে নোটটির সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এর পেছনের অংশে। সেখানে স্থান পেয়েছে 'গ্রাফিতি–২০২৪'-এর একটি চিত্র। পুরো নোটটিতে গোলাপি রঙের প্রাধান্য রাখা হয়েছে।
উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য
নোটের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
জলছাপ: আলোতে ধরলে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি দেখা যাবে। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে '১০' এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দৃশ্যমান হবে।
নিরাপত্তা সুতা: নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া একটি সুতা যুক্ত করা হয়েছে, যাতে '১০ দশ টাকা' লেখা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে বা কাত করলে এই সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।
সি-থ্রু ইমেজ: গভর্নরের স্বাক্ষরের ডান পাশে বিশেষ নকশা রয়েছে, যা আলোতে ধরলে '১০' সংখ্যাটি ফুটিয়ে তোলে।
মাইক্রোপ্রিন্ট: বাংলাদেশ ব্যাংক লেখার নিচে এবং নোটের পেছনের অংশে অত্যন্ত সূক্ষ্ম অক্ষরে 'BANGLADESH BANK' লেখা রয়েছে, যা খালি চোখে দেখা কঠিন হলেও লেন্সের সাহায্যে স্পষ্টভাবে পড়া যায়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, নতুন ডিজাইনের এই নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব ধরনের ১০ টাকার কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের নিয়মেই লেনদেনে ব্যবহৃত হবে। অর্থাৎ, নতুন নোটের পাশাপাশি পুরানো নোটগুলোও বৈধ হিসেবে গণ্য হবে।
সাধারণ নোটের পাশাপাশি সংগ্রাহকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক ১০ টাকার 'স্পেসিমেন' বা নমুনা নোটও ছাপিয়েছে। এই নোটগুলো বিনিময়ের যোগ্য নয়। আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের 'টাকা জাদুঘর' বিভাগ থেকে এই নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর