আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক ক্রিকেটারকে আবারও সুখবর দিয়েছে। সদ্য প্রকাশিত হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন বেশ কয়েকজন টাইগ্রেস ক্রিকেটার।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার ও বোলাররা। বাছাইপর্বে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দলটি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।
বাছাইপর্বজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়া পারফরম্যান্সের সুবাদে বড় লাফ দিয়েছেন সোবহানা মোস্তারী। ১৬ ধাপ এগিয়ে বর্তমানে তিনি রয়েছেন ৩৬ নম্বরে। তবে টুর্নামেন্টের শুরুতে ভালো করলেও শেষদিকে ছন্দ হারানো শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৮ নম্বরে। ওপেনার দিলারা আক্তার ৫ ধাপ উন্নতি করে এখন আছেন ৬৫ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন রাবেয়া খান। তিনি আগের মতোই ১৪ নম্বরে রয়েছেন। ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন নাহিদা আক্তার। অন্যদিকে শেষদিকে কিছুটা ছন্দ হারানোর কারণে ফাহিমা খাতুন ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩ নম্বরে।
বিশাল অগ্রগতি করেছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ এগিয়ে ১০০-এর বাইরে থাকা স্বর্ণা এখন রয়েছেন ৭৪ নম্বরে। একইসঙ্গে বোলারদের মধ্যে আরেকটি বড় লাফ দিয়েছেন মারুফা আক্তার। ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০-তে প্রবেশ করেছেন তিনি, বর্তমানে অবস্থান ৯২ নম্বরে।
এদিকে, ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন তারই স্বদেশী অ্যানাবেল সাদারল্যান্ড।
সাজু/নিএ
সর্বশেষ খবর