বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার (১ নভেম্বর) রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। এরপর থেকে একাধিকবার অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে। এরই মধ্যে অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিসিবি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি জানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির ভাষ্য অনুযায়ী, এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংকের পাশাপাশি ফিশিং লিংকও যুক্ত করা হয়েছে।
এ পরিস্থিতিতে বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে বোর্ড। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংক খোলা, তাতে ক্লিক করা কিংবা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে সন্দেহজনক বার্তাগুলো উপেক্ষা করার পাশাপাশি এসব লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে বিসিবি।
বোর্ড জানিয়েছে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হলে পরবর্তী ঘোষণা দেওয়া হবে। তবে হ্যাকাররা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পেরেছে কি না, সে বিষয়ে বিসিবির সতর্কবার্তায় স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর