বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আগামীতে হয়তো এমনও শুনতে হবে—জামায়াতে ইসলামী নাকি এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরীর কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। “এটি অত্যন্ত বিপজ্জনক ও দুঃখজনক। তবে বাংলাদেশের মানুষ সব জানে—কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা ছিল না,” বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। এ ধরনের বক্তব্য অস্বাভাবিক নয় উল্লেখ করে তিনি বলেন, “যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে—এটাই স্বাভাবিক। কিন্তু নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে তাকে ব্যবহার করে একটি ‘সাইনবোর্ড’ দেখাতে চাইছে—যেন তাদেরও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। “কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না,” বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বিশ্বাস প্রকাশ করেন, দেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের সব দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, “যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, মিথ্যা তথ্য দেয়, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব।”
নারী সমাজ নিয়ে জামায়াতের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “গত কয়েকদিন আগে তারা এ দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে এবং নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিয়েছে। এটি নারীদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি সুপরিকল্পিত উদ্যোগ।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর