পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নাকি বর্জন করবে—এ নিয়ে চলমান অচলাবস্থার অবসান হয়েছে গত রোববার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না সালমান আলী আঘা ও বাবর আজমরা।
পাকিস্তানের এই সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান যদি নিজেদের অবস্থান থেকে না সরে, তাহলে আইসিসির পক্ষ থেকে কঠোর শাস্তির মুখে পড়তে পারে দেশটি। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে—পুরো বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে নিষিদ্ধ করা।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পাকিস্তান নিষিদ্ধ হলে তাদের জায়গায় কোন দল বিশ্বকাপে খেলবে? ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, র্যাঙ্কিং বিবেচনায় তখন বিশ্বকাপে সুযোগ পেতে পারে আফ্রিকার দেশ উগান্ডা।
এই ম্যাচ বয়কট বিতর্কের সূত্রপাত হয় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু থেকে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে না খেলার অবস্থান নেয় বাংলাদেশ। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে শুরু করে। পরে পাকিস্তান সরকার জানায়, পুরো বিশ্বকাপ নয়—শুধু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না পাকিস্তান দল।
আইসিসি ইতোমধ্যে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। কারণ এই ম্যাচটির সঙ্গে বিপুল পরিমাণ রাজস্ব জড়িত। এনডিটিভি সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পিসিবি অবস্থান পরিবর্তন না করলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
আইসিসির সম্ভাব্য শাস্তির তালিকায় রয়েছে—
পুরোপুরি নিষিদ্ধ: ১৯৭০-এর দশকে দক্ষিণ আফ্রিকার মতো সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করা
এনওসি স্থগিত: বিদেশি ক্রিকেটারদের পিএসএল (PSL)-এ খেলতে নিষেধাজ্ঞা, এতে লিগটি কার্যত অচল হয়ে পড়তে পারে
রাজস্ব বণ্টন বন্ধ: আইসিসি থেকে পাকিস্তানের বার্ষিক রাজস্ব বন্ধ করে দেওয়া—যার পরিমাণ প্রায় ৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৩ কোটি ৭৭ লাখ টাকা
এ ছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও পাকিস্তানকে নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে আইসিসি। যদি এমন সিদ্ধান্ত কার্যকর হয়, তবে র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের জায়গায় সুযোগ পাবে উগান্ডা।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ বাদ পড়লে র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা পেয়েছিল। একই নীতি অনুসরণ করা হলে, বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অংশগ্রহণকারী ২০ দলের বাইরে সবার ওপরে থাকা উগান্ডাই হবে সবচেয়ে সম্ভাব্য দল।
সাজু/নিএ
সর্বশেষ খবর