বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঢাকা–ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকার ফিডার সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতার নাম মো. নুর আলম মুন্সি (৪০)। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এবং ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে।
আহত নুর আলম মুন্সি জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি জামায়াতে ইসলামির প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল সংগ্রহের জন্য মালিগ্রাম অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে তার মোবাইলে একটি কল এলে তিনি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন।
এ সময় হেলমেট পরা অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে উদ্দেশ করে বলেন, ‘তুই জামায়াত করিস’। এরপর তারা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নুর আলম মুন্সি আরও জানান, হামলাকারীরা হেলমেট পরা থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, হামলার ঘটনার কথা শুনেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর