• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৩৬ দুপুর

শেখ হাসিনা দেশে ফিরলে আ.লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তিনি সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা গিয়েছিল। তবে সর্বশেষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থানের অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে বর্তমানে যেসব আলোচনা চলছে, সেগুলোর অবসান হতেও হয়তো কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্য হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের সঙ্গে সরাসরি কথা বললেই তাঁদের ক্ষোভের গভীরতা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা অবস্থান করলে যে পরিস্থিতি তৈরি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তাঁর অস্তিত্ব পাওয়া গেলেও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন। সেই জোট এখনো বহাল রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে অংশ নেবে। এটি দলীয় সিদ্ধান্ত।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার উদ্দেশ্যে তাঁদের প্রার্থী করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, গত আট মাসে বিএনপি প্রতিনিয়ত জনসমর্থন হারিয়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সুশাসনের পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব কারণে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে বলে তাঁরা বিশ্বাস করেন।

তবে বিএনপির সমালোচনা কিংবা এনসিপির নির্বাচনী অবস্থানের কারণে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]