ভারতের অন্যতম স্পষ্টভাষী অভিনেতা হিসেবে পরিচিত প্রকাশ রাজ। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে নিজের মতামত তুলে ধরতে দ্বিধা করেন না তিনি। সরকারের সমালোচনা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তাঁর বক্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়। তবে এই স্পষ্টভাষী অবস্থানের কারণে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও মূল্য দিতে হয়েছে তাঁকে। এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী পনি ভার্মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পনি ভার্মা জানিয়েছেন, প্রকাশ রাজ যখনই কোনো জোরালো রাজনৈতিক মন্তব্য করতেন, তখন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন তিনি। বিশেষ করে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের পর স্বামীর নিরাপত্তা নিয়ে তাঁর ভয় আরও বেড়ে গিয়েছিল।
‘প্রেমা দ্য জার্নালিস্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে পনি বলেন, শুরুতে প্রকাশের স্পষ্টভাষী স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে তাঁর বেশ অসুবিধা হতো। স্বামীর রাজনৈতিক অবস্থান ও প্রকাশ্য মন্তব্যের কারণে তিনি ভয় পেতেন।
গৌরী লঙ্কেশের মৃত্যুর স্মৃতিচারণ করে পনি বলেন, সেই খবর পাওয়ার পর প্রকাশ পুরোপুরি ভেঙে পড়েছিলেন। গৌরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল এবং তিনি প্রায়ই তাঁর সঙ্গে কথা বলতেন। ওই ঘটনা প্রকাশকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এরপরই প্রকাশ জানিয়েছিলেন, তিনি নিজের মতামত প্রকাশ করে যাবেন।
পনির ভাষ্য অনুযায়ী, গৌরী লঙ্কেশ একজন নারী হয়েও নিজের অবস্থানে দৃঢ় ছিলেন এবং নিজের বক্তব্য প্রকাশ্যে তুলে ধরেছিলেন। তাঁর মৃত্যুর ঘটনা প্রকাশ রাজের ওপর গভীর প্রভাব ফেলেছিল।
প্রকাশ রাজের স্পষ্টভাষী অবস্থানের প্রভাব চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিগত সম্পর্কেও পড়েছে বলে জানান পনি। ইন্ডাস্ট্রির সবাই যে প্রকাশের মতামতের সঙ্গে একমত, এমনটা নয়। তবে এ নিয়ে তাঁর কোনো প্রত্যাশাও নেই বলে জানান তিনি।
পনি বলেন, চলচ্চিত্র জগতের তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও এমন অনেকে রয়েছেন, যাঁদের সঙ্গে প্রকাশের ভালো সম্পর্ক নেই। কিন্তু তিনি কাউকে প্রকাশকে পছন্দ করতে বাধ্য করেন না। প্রত্যেকেরই নিজস্ব মতামত ও রাজনৈতিক অবস্থান থাকতে পারে।
সাক্ষাৎকারে চলচ্চিত্র অঙ্গনে রাজনৈতিক মতামত প্রকাশের ঝুঁকি নিয়েও কথা বলেন পনি। তাঁর মতে, সব অভিনেতার পরিস্থিতি এক নয়। কেউ কেউ ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী অবস্থানে থাকেন এবং অনেক মানুষের কাজের সুযোগ তৈরিতে ভূমিকা রাখেন। ফলে তাঁদের অবস্থান অন্যদের তুলনায় আলাদা হতে পারে।
তবে প্রকাশ রাজের ক্ষেত্রে রাজনৈতিক অবস্থানের প্রভাব পেশাগত জীবনেও পড়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। পনির অভিযোগ, নিজের মতামত প্রকাশের কারণে প্রকাশ রাজ বেশ কয়েকটি সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন। এমনকি কয়েকটি সিনেমার ক্ষেত্রে অগ্রিম অর্থ দেওয়া হলেও পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ থেকে সরে গেছেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর