কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী জনপদ ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজারে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাজারের নিরাপত্তা প্রহরীসহ অন্তত ৮ জনকে অস্ত্রের মুখে বেঁধে জিম্মি করে বিপুল পরিমাণ মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে একদল সশস্ত্র ডাকাত সাহেবের বাজারে সেলিম নামের এক ব্যক্তির ইজিবাইক গ্যারেজে হানা দেয়। এর আগে বাজারের দুইজন নিরাপত্তা প্রহরীসহ দোকান বন্ধ করে বাড়ি ফেরা কয়েকজন ব্যবসায়ী ও পথচারীকে আটক করে অস্ত্র ঠেকিয়ে হাত বেঁধে ফেলে ডাকাতরা।
পরে গ্যারেজে থাকা ৩টি ইজিবাইক ও ৮৫টি ইজিবাইক ব্যাটারি লুট করে নেয় তারা। একই সঙ্গে পাশের কবীর নামের এক ফার্নিচার ব্যবসায়ীর দোকান থেকে কিছু মূল্যবান আসবাবপত্র ও সেগুন কাঠ নিয়ে যায়। এছাড়া বাজার বন্ধ করে পার্শ্ববর্তী বামপাল গ্রামের বাড়িতে ফেরার পথে জালাল নামের এক ব্যবসায়ীর পথরোধ করে তার সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সোমবার সন্ধ্যার দিকে কুমিল্লা-০৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিনের নির্বাচনী অফিসকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনেক ব্যবসায়ী ভয়ে দোকানপাট বন্ধ করে মধ্যরাতের আগেই বাড়িতে চলে যান। রাত ১০টার পর থেকেই বাজার এলাকায় নেমে আসে নীরবতা, আর সেই সুযোগেই ডাকাতরা এই ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন তারা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লুট হওয়া ইজিবাইক নিয়ে পালানোর সময় সদর দক্ষিণ থানা পুলিশ সেগুলো আটক করতে সক্ষম হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর