নাটোর-৩ সিংড়া আসনে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু'র নির্বাচনী পথযাত্রায় দেওয়া বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শেরকোল এলাকায় তার বক্তব্যে সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মালেক বলেন, আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিবো আমরা পাকিস্তান।
তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে এর নিন্দা জানানো হচ্ছে। অনেকেই বলছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বজ্ঞানহীন।
এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এমন বক্তব্য নির্বাচনকালীন পরিবেশকে উত্তপ্ত করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা সবাইকে দায়িত্বশীল ভাষা ব্যবহারের আহ্বান জানান।
এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মালেক বলেন, বক্তব্যে দেওয়ার সময়ে ভুলক্রমে ওই শব্দটি বের হয়ে গেছে।
তবে বিষয়টি নিয়ে সিংড়াজুড়ে চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই চলছে আলোচনা-সমালোচনা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর