আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯ টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশ্য ভাষণ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুমতি চেয়ে আমাদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯ টায় দলটির আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশ্য ভাষণ প্রদান করতে চান। আমরা পরবর্তী সিদ্ধান্তের জন্য কমিশনে ফাইল উপস্থাপন করেছি।
সূত্র আরও জানান, এনসিপি আহ্বায়কও ভাষণ দোওয়ার জন্য আবেদন করেছেন। তবে কোনো তারিখ বা সময় উল্লেখ করেনি।
এর আগে ৩ ফেব্রুয়ারি দলীয় প্রধানের ভাষণ প্রচারের বিষয়ে বিটিভিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমান প্রচার সুযোগ গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দে কমিশনের নির্দেশনা রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুযায়ী লিখিত আবেদন প্রাপ্তির ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট ও এর মেয়াদ বিটিভি নির্ধারণ করবে এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
এ ছাড়া বিটিভিতে প্রচারণার আবেদনকারী দলগুলোকে আবেদনের ক্রমানুসারে বক্তব্যের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো দলের আবেদন না থাকায়, বিএনপির চাহিত ৯ ফেব্রুয়ারির শেষ স্লটে দলীয় প্রধানের বক্তব্য প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর