ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি দাবি করেন, সরকারপ্রধান নিজেই বলেছেন যে এই শক্তিগুলো তাকে ক্ষমতায় বসিয়েছে, আর সে কারণেই জামায়াত ও এনসিপি ক্ষমতায় থেকেই নির্বাচন করছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
মির্জা আব্বাস বলেন, একটি দল এখনো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। “পুরোনো শকুনরা ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, এখনও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানতে পারেনি,”- এমন মন্তব্য করে তিনি বলেন, তারা নিয়মিত বিএনপির বিরুদ্ধে অকথ্য ভাষায় আক্রমণ চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে এবং এই চক্র নতুন নয়। এ সময় তিনি বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
ড. ইউনূস প্রসঙ্গে আবারও তিনি বলেন, “জামায়াত ও তাদের বাচ্চারা—এনসিপি—ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। তাই তারাই এখন ক্ষমতায় বসে নির্বাচন পরিচালনা করছে।”
মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা জামায়াতপন্থিরা ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। তিনি দাবি করেন, কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করেছে।
বিএনপির এই নেতা বলেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। সেই চেষ্টা সফল না হলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ভোট কারচুপির শঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি মারাত্মকভাবে ভোট কারচুপির আশঙ্কা দেখছি। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এই সত্য তারা মানতে পারছে না।”
তিনি হুঁশিয়ার করে বলেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হলে তা মেনে নেওয়া হবে না। “মিথ্যা ও ষড়যন্ত্র করে লাভ নেই। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরবো,”- বলেন তিনি।
বিরোধীপক্ষের প্রতি অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, তারা চায় তিনি যেন কোনো গণ্ডগোলে জড়ান। তবে নির্বাচনের আগে তিনি কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবেন না বলেও জানান তিনি। প্রয়োজনে নির্বাচনের পর রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন এই বিএনপি নেতা।
সাজু/নিএ
সর্বশেষ খবর