ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ফিলিস্তিন মধ্যপ্রাচ্য অঞ্চলের ‘নৈতিক কম্পাস’ হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ১৭তম আল জাজিরা ফোরামে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দোহায় শুরু হওয়া এই ফোরাম চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ফোরামে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে গাজায় ইসরায়েলের চলমান ‘গণহত্যামূলক যুদ্ধের’ প্রভাব এবং এর ফলে সৃষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নিয়ে আলোচনা করা হচ্ছে।
আব্বাস আরাগচি তার বক্তব্যে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানকে ভণ্ডামি বলে আখ্যা দেন। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে নৈতিকতার প্রশ্নে বিশ্ব আজ দ্বিধাবিভক্ত, আর এই দ্বিচারিতা আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
ফোরামের আলোচ্যসূচিতে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিও বিশেষ গুরুত্ব পেয়েছে। আসাদ সরকারের পতনের পর দেশটির ভবিষ্যৎ, আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকা এবং এসব পরিবর্তনের মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব নিয়ে বিশদ আলোচনা হচ্ছে।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ হামাদ বিন থামের বিন মোহাম্মদ আল থানি ফোরামের উদ্বোধন করেন। এতে মূল বক্তৃতা দেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এবং তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান।
উল্লেখ্য, গাজার নুসেইরাতের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জাহরা এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর মধ্য দিয়ে সাধারণ মানুষের চলাচলের দৃশ্য এখনও অঞ্চলটির ভয়াবহ মানবিক সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর