২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) পুরস্কার ঘোষণার আগে হোয়াইট হাউসও ট্রাম্পের পুরস্কার না পাওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
ট্রাম্প নিজেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করে আসছেন। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং বহু জিম্মিকে ফিরিয়ে এনেছেন। তবে নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি।
ট্রাম্প বলেন, নোবেল কমিটির ‘তার মতো মানুষকে’ পুরস্কার না দেওয়ার একটি সুনাম রয়েছে। তবে পুরস্কার পান বা না পান, তিনি যে কাজ করেছেন তা অন্যদের তুলনায় বেশি—এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় নিজের ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদক তাকে উপহার দেন। মাচাদোও ট্রাম্পকে এই পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছিলেন।
ট্রাম্পের সমর্থকেরা এ বছরও তাকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে তুলে ধরেছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সাফল্য দেখাতে পারলে ভবিষ্যতে ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড ডিপ্লোমেসির গবেষণা পরিচালক আরতা মোয়েনি বলেন, ট্রাম্প কূটনৈতিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন পরিস্থিতি তৈরি করতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারলে ভবিষ্যতে নোবেল শান্তি পুরস্কারের একজন শক্তিশালী দাবিদার হতে পারেন।
তবে এ বছরের পুরস্কার নিয়ে ভিন্ন মতও রয়েছে। পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো’র ভারপ্রাপ্ত পরিচালক হাকন গ্যেরলোয়ের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় একজন দায়িত্বশীল মার্কিন প্রেসিডেন্টের নোবেল শান্তি পুরস্কার পাওয়া কঠিন। তিনি মনে করেন, শান্তি প্রতিষ্ঠায় কাজ করা কোনো সংগঠন এ বছর পুরস্কার পেতে পারে।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন রয়েছে। তবে মনোনয়ন তালিকা ৫০ বছর গোপন রাখা হয়।
সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় বিভিন্ন মানবিক সংগঠন, সুদানস ইমার্জেন্সি রেসপন্স রুমস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, আন্তর্জাতিক বিচার আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নামও রয়েছে।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে শুক্রবার। নরওয়ের নোবেল কমিটির পাঁচ সদস্য এ পুরস্কারের বিজয়ী নির্বাচন করেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
সাজু/নিএ
সর্বশেষ খবর