ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে ফের বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক। বুধবারের বিক্ষোভে বিরোধী নেতাদের আটক ও পরে ছেড়ে দেওয়ার একদিন পর বৃহস্পতিবার নতুন করে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবারের বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নেবেন।
এর আগে বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ইন্ডিয়া ব্লকের বিভিন্ন দলের নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তারা অবস্থান কর্মসূচি ও স্লোগান দেন।
বুধবারের কর্মসূচির আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজনে বিরোধী দলগুলোর নেতারা মধ্যাহ্নভোজের বৈঠকে অংশ নেন। পরে বিভিন্ন দলের সংসদ সদস্যদের একসঙ্গে জন্তর মন্তরে নিয়ে যেতে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়।
এনডিটিভি জানায়, বাসগুলো জন্তর মন্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অশোক রোডে থামিয়ে দেয় পুলিশ। সেখানে বিরোধী নেতারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমে অনিয়ম ও অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের জবাবদিহি এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে তারা।
বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার আরও বড় পরিসরে বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছে ইন্ডিয়া ব্লক। এতে বিভিন্ন বিরোধী দলের নেতাদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণের কথা রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর