বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন।
কর্মসূচি অনুযায়ী, ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে জনসভায় অংশ নেবেন তিনি।
পরবর্তীতে ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলে অবস্থিত সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।
জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। আজ ও সোমবার এই জনসভাগুলোতে তিনি বক্তব্য দেবেন।
শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
সাজু/নিএ
সর্বশেষ খবর