জামালপুরের সরিষাবাড়ীতে চুরি, ছিনতাই ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গরু চুরিতে বাধা দিতে গিয়ে সশস্ত্র চোরদের হামলায় আহত হয়েছেন চারজন। এ ছাড়া বিভিন্ন সময়ে চোরদের হামলায় অন্তত নয়জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গরু-ছাগল, স্বর্ণালংকার, মুঠোফোন, নগদ টাকা, অটোরিকশা, বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে। তবে এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাতপোয়া উত্তরপাড়া এলাকায় মো. ইমান আলীর বাড়ির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় একদল সশস্ত্র চোর। একটি গরু ছুটে গেলেও বাকি দুটি গরু পিকআপে তুলে পালিয়ে যায় তারা। বিষয়টি টের পেয়ে গরুর মালিক ইমান আলী ও সেলিম মোটরসাইকেলে করে চোরদের ধাওয়া করেন। খালেকের মোড়ের দক্ষিণ পাশে একটি মুরগির খামার এলাকায় চোরেরা গাড়ি থামিয়ে ইমান আলী ও সেলিমসহ চারজনকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত ইমান আলী ও সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ইমান আলীকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
একই দিন আওনা ইউনিয়নের তরিআটা গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোজাহার আলীর বাড়িতে সিআইডি পরিচয়ে প্রবেশ করে এক গৃহবধূর হাত ও কানের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতারক চক্রের সদস্যরা ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এ ছাড়া গত ১৯ অক্টোবর পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় উৎপলের বাসার এক ভাড়াটিয়ার চার ভরি স্বর্ণালংকার চুরি হয়। একই দিন মহাদান ইউনিয়নের শরাফত আলীর বাড়ির বসতঘরের গ্রিল কেটে মোটরসাইকেল বের করার সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোর।
গত ১৫ অক্টোবর গভীর রাতে শিমলা বাজারের আমতলা এলাকায় বেলাল হোসেন পাটোয়ারীর ভাঙারি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে চার থেকে পাঁচ হাজার টাকা চুরি হয়। একই রাতে পোগলদিঘা ইউনিয়নের গাছবয়ড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পাঁচটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। ১৪ অক্টোবর মাইজবাড়ী এলাকার লেবু মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। ১৩ অক্টোবর আরামনগর বাজারের সোহাগ ডিলারের খামার থেকে মুরগি এবং একই গ্রামের সাইদুলের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
গত ১১ অক্টোবর পৌরসভার শিমলা পল্লী পশ্চিমপাড়া (কুবলী বাড়ি) এলাকার চারটি বাড়ির বৈদ্যুতিক সংযোগের প্রায় ৪০০ গজ তার চুরি হয়। ১০ অক্টোবর মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের আব্দুল লতিফ লতুর দুটি এবং একই রাতে শামসুলের একটি গরু চুরির অভিযোগ পাওয়া যায়। একই দিন পৌরসভার বলারদিয়ার এলাকার আনহাজের মনোহারি দোকান থেকে ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি হয়।
গত ৮ অক্টোবর মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পূর্বপাড়া গ্রামের জহুরুল, শান্তিমালা, হাফিজুর ও হাসানের চারটি বাড়িতে একই রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। ৭ অক্টোবর বড়শরা গ্রামের আলমগীর হোসেনের অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় তিনি সরিষাবাড়ী থানায় মামলা করলেও এখনো অটোরিকশাটি উদ্ধার হয়নি বলে জানিয়েছেন। একই দিন আরামনগর বাজারের শহীদ ক্যাডেট একাডেমি থেকে দুটি বৈদ্যুতিক পাখা এবং কামরাবাদ গোরস্থান এলাকার আসাদ মার্কেটের পাশে আশিক পেইন্টারের দোকান, সোহেল অটোপার্টস ও কাজলের মনোহারি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ অক্টোবর সকাল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের পিয়ন আব্দুর রহিমের একটি ছাগল প্রকাশ্য দিবালোকে চুরি হয় বলে অভিযোগ রয়েছে। একই দিনে সামর্থবাড়ি গ্রামের সুরুজ মিয়া ও সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের হাফিজুর রহমানের ছাগল চুরির ঘটনাও জানা গেছে। ১ অক্টোবর শিমলা পল্লী তাড়িয়াপাড়া ঈদগাহ মাঠের পানির পাইপ চুরি হয়।
এ ছাড়া গত ২৭ সেপ্টেম্বর ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের রফিকুল ইসলাম এবং একই গ্রামের খামার মিয়া ও জমির মিয়ার বাড়ির কাছাকাছি স্থাপিত সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন তিনটি ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের আব্দুল মান্নানের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।
সম্প্রতি পেশাগত দায়িত্ব পালন শেষে ধনবাড়ী থেকে সরিষাবাড়ীর ভাড়া বাসায় ফেরার পথে হামলার শিকার হন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি হাফিজুর রহমান। অভিযোগ রয়েছে, পিকআপ ভ্যান দিয়ে তাঁর পথরোধ করে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় তিনি সরিষাবাড়ী থানায় অভিযোগ দিয়েছেন।
অন্যদিকে, গত ২৩ অক্টোবর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে ও সাকের আলীর স্ত্রী ছেলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে নলিন বাজার এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর সাইডব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নজরুল ইসলাম জানান।
এ ছাড়া গত ২৭ অক্টোবর ভাটারা ইউনিয়নের ধোপাদহ জুলারখুপী গ্রামের জয়নালের বাড়ি থেকে ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক ব্যক্তিকে আটক করেন। পরে মনোহর আলী নামের ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন বাসিন্দাদের অভিযোগ, চুরি, ছিনতাই ও হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তাঁরা পরিবার-পরিজন, বাড়িঘর, গবাদিপশু ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে রাতের বেলায় চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে অধিকাংশ ক্ষতিগ্রস্থ্য পরিবার বিভিন্ন আইনী জটিলতার কারনে থানায় অভিযোগ করতে সাহস করেন না বলে গণমাধ্যমকে জনিয়েছেন।
তাঁদের দাবি, প্রতিটি চুরির ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাতের বেলায় পুলিশের টহল জোরদার, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নজরদারি বৃদ্ধি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাছে যে গুলো নোটিশে আসে সে গুলো দ্রুত এ্যাকশন নিয়ে ফেলি। কোন সমস্যা নাই। আমরা বিষয় গুলো দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, আমরা বিষয় গুলো নিয়ে কাজ করছি।
সাজু/নিএ
সর্বশেষ খবর